জয়পুরহাটের কালাই উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত ও স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম, জননিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, কালাই থানা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাহিদ নাজনীন ডেইজী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শরীফ এবং কালাই মডেল প্রেস ক্লাবের সভাপতি লুৎফর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা।
বক্তারা বলেন, একটি শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিক ও সাধারণ জনগণের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব উপজেলার শান্তি, শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখতে সংশ্লিষ্ট সব মহলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কালাই উপজেলায় একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সম্ভব।
মো:সুমন মন্ডল,জয়পুরহাট(কালাই) প্রতিনিধি:
