বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল বাজারে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি হোটেলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে বাজার এলাকায় মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এ সময় ‘শিলামনি হাইওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ তল্লাশি চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে মেয়াদোত্তীর্ণ দই বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি বিক্রয়ের জন্য রাখা দইয়ের উৎপাদনের তারিখ, মেয়াদ, ওজন ও মূল্যসংবলিত স্টিকার প্রদর্শন করা হয়নি। এছাড়া খাদ্যপণ্য ক্রয়-বিক্রয়ের প্রয়োজনীয় চালান ও রশিদও সংরক্ষণ করা হয়নি।
এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৭ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস ঊর্মি।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম ফারুকসহ বগুড়া জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা অংশ নেন। সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে শাজাহানপুর থানা পুলিশের একটি টিম।
অভিযান শেষে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে খাদ্য নিরাপত্তা সংক্রান্ত সরকারি বিধি-বিধান কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেওয়া হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্টের অভিযান নিয়মিত পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শাকিল রানা
বগুড়া প্রতিনিধি।
