ভোলার ইলিশায় দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও গাঁজাসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (৫ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ভোলার সদর থানাধীন কোরালিয়া খায়েরহাট এলাকায় বিভিন্ন রকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত এবং একাধিক মামলার আসামি মো. জাকির হোসেন ঢাকা থেকে কর্ণফুলি-১৩ লঞ্চযোগে আগ্নেয়াস্ত্র ও মাদক নিয়ে ভোলায় এসেছেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি।
এই তথ্যের ভিত্তিতে, সোমবার রাত ৩টায় কোস্টগার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা তুলাতুলি মোহনা সংলগ্ন এলাকায় ওই লঞ্চে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন লঞ্চে তল্লাশি চালিয়ে একটি একনলা বন্দুক, চার রাউন্ড তাজা গোলা ও ৮০ হাজার টাকা মূল্যের দুই কেজি গাঁজাসহ জাকির হোসেনকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক জাকির হোসেন (৪২) ভোলার সদর থানার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। আটক ব্যক্তি ও জব্দ সব আলামতের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি
