পাবনার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে পূর্ব শত্রুতার জেরে শারীরিক প্রতিবন্ধী দোকানদার পলাশ শেখ এবং তার পরিবারের ওপর হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী পরিবারটি আমিনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে সোনাতলা বাজারে এলাকার চিহ্নিত সোহেল, রাসেল ও রায়হান অতর্কিতভাবে হামলা চালান শারীরিক প্রতিবন্ধী দোকানদার ও মৃত সোবাহান শেখের ছেলে পলাশ শেখের ওপর। পূর্ব শত্রুতার জের ধরে তাকে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তার দোকান বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে পরিবারটি, যার ফলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছেন তারা।
এদিকে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে সংবাদকর্মীদের কাছে সাক্ষাৎকার দেওয়ায় পরবর্তীতে ক্ষিপ্ত হয়ে ওঠে হামলাকারীরা। পলাশ শেখের মা রুবিয়া বেগম ও বোন আশা খাতুনের ওপর পুনরায় চড়াও হয় তারা। সোহেল রানা, আলেয়া খাতুন ও রত্না খাতুনের নেতৃত্বে তাদের ওপর হামলা চালিয়ে রুবিয়া বেগমকে গুরুতর আহত করা হয়। বর্তমানে আহত অবস্থায় তিনিও পাবনা জেনারেল (সদর) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরপর দুটি ন্যাক্কারজনক হামলার ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কে দিন কাটাচ্ছে প্রতিবন্ধী পলাশ শেখের পুরো পরিবার। এ বিষয়ে আইনগত প্রতিকার ও হামলাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
আমিনপুর থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি
-1786006184.jpg)