নারায়নগঞ্জের সোনারগাঁয়ে রিয়া মনি (২৪) গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী আদিল হোসেনের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার কামারগাও এলাকায় র্যাংগস কারখানার স্টাফ কোয়ার্টারের ভেতরে এ ঘটনা ঘটে। নিহত রিয়া মনি জামালপুর সদর উপজেলার চুনুটিয়া গ্রামের হালিম মন্ডলের মেয়ে এবং তার স্বামী আদিল হোসেন একই এলাকার বাদশা মিয়ার ছেলে। সে ওই কারখানার বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও কারখানার শ্রমিকরা জানান, রিয়া মনির সঙ্গে আদিল হোসেনের ৯ মাস আগে বিয়ে হয়। তার আগে একটি বিয়ে করেছিল ওই বিয়েকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে কথা-কাটাকাটির জেরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) ইমরান হোসেন জানান, এঘটনায় স্বামী আদিল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মোশারফ হোসেন
সোনারগাঁও প্রতিনিধি