কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা খাদ্য গুদামে “অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ ২০২৬” কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান ও চাল সংগ্রহের সরকারি কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জালাল উদ্দীন। তিনি বলেন, কৃষকবান্ধব সরকারের অন্যতম লক্ষ্য হলো কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং খাদ্য নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা। বোরো চাল সংগ্রহ কার্যক্রম কৃষকদের অর্থনৈতিকভাবে লাভবান করার পাশাপাশি দেশের খাদ্য মজুদ ব্যবস্থাকেও সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস, খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার নির্ধারিত মূল্যে সরাসরি চাল সংগ্রহ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে এবং প্রকৃত কৃষকরা উপকৃত হবেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ খাদ্য গুদামের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। স্থানীয় কৃষকরা সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সময়মতো চাল সংগ্রহ ও দ্রুত অর্থ পরিশোধের দাবি জানান।
বুলবুল আহাম্মেদ জিয়া,নিজস্ব প্রতিবেদক।
