আজ বিকালে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের দেউলি, কালিশংকরপুর, খলিশাখালি ও বেথুড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আশফুজ্জামান।
পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং অপরাধ নিয়ন্ত্রণে রাখতে বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিভিন্ন স্থান থেকে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও হামলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে মহম্মদপুর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এদিকে পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এলাকার সচেতন মহল আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি
