গাজীপুরের শ্রীপুরে ২০২৫-২৬ রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ৬শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বোরো উফশী ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
প্রত্যেক কৃষককে ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উচ্চফলনশীল (উফশী) বোরো ধানের বীজ প্রদান করা হয়।
বুধবার দুপুরপ উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ। আরও উপস্থিত ছিলেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
কৃষকরা জানান, সরকারিভাবে এই বীজ ও সার পেয়ে তারা আগামী বোরো মৌসুমে কম খরচে চাষ করতে পারবেন। সময়মতো মানসম্মত বীজ পাওয়ায় তাদের উৎপাদন খরচ কমবে এবং ফলন বাড়বে।
কৃষি অফিসার কৃষিবিদ সুমাইয়া সুলতানা বন্যা বলেন,
“কৃষকদের উৎপাদন খরচ কমানো ও ফলন বাড়ানোর লক্ষ্যেই সরকারের এ বিশেষ প্রণোদনা। আমরা সবসময় কৃষকদের পাশে আছি এবং ক্ষেত থেকে ফসল ঘরে তোলা পর্যন্ত সব ধরনের কারিগরি সহায়তা দেওয়া হবে।”
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ব্যারিস্টার সজীব আহমেদ বলেন,“কৃষি নির্ভর অর্থনীতির বাংলাদেশকে আরও শক্তিশালী করতে সরকার ধারাবাহিকভাবে কৃষকদের সহায়তা করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বেশি উৎপাদন করতে পারলেই কৃষকের আয় বাড়বে, দেশও এগিয়ে যাবে।” অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে সার ও বীজ তুলে দেন অতিথিরা।