নাটোরের লালপুরে “টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬” অনুষ্ঠানে অংশ নিতে আসা দুই বিদেশি নাগরিককে হেনস্তার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ মে লালপুর উপজেলার লালচানপাড়া এলাকার গ্রিন ভ্যালি পার্কে “টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬” নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় শতাধিক নারী-পুরুষ অংশ নেন। রাতের দিকে পার্কের ভেতরে ঘোরাফেরার সময় দুই বিদেশি নাগরিককে ঘিরে ১০-১৫ জন ব্যক্তি বিভিন্ন ধরনের অশালীন আচরণ ও হেনস্তা করেন। এ সময় ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
ঘটনার পর পার্ক কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে লালপুর থানায় মামলা দায়ের করা হয়। পরে নাটোর জেলা পুলিশের নির্দেশনায় অভিযান চালিয়ে রাজশাহীর মোহনপুর ও তানোর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ভিডিও ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
মোঃ সোহেল রানা
নিজস্ব প্রতিবেদক।
নাটোর।
