পাবনার সুজানগর উপজেলার তালিবনগর পাম্প হাউস দীর্ঘ এক বছর বন্ধ থাকার পর পুনরায় চালু করা হয়েছে। রবিবার আনুষ্ঠানিকভাবে পাম্প হাউসটির উদ্বোধন করেন পাবনা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এ কে এম সেলিম রেজা হাবিব। এ উপলক্ষে এলাকায় এক সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দীর্ঘদিন পাম্প হাউসটি বন্ধ থাকায় এলাকায় সেচ সংকট তীব্র আকার ধারণ করে। পানির অভাবে কৃষকরা সময়মতো জমিতে সেচ দিতে না পারায় কৃষিকাজ ব্যাহত হচ্ছিল। বিশেষ করে চলতি মৌসুমে বোরো ও অন্যান্য ফসল উৎপাদনে অনিশ্চয়তা দেখা দেয়। ফলে কৃষকদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়। তবে পাম্প হাউসটি পুনরায় চালু হওয়ায় এখন কৃষকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয় কৃষকরা জানান, পাম্প হাউস চালু হওয়ায় জমিতে নিয়মিত পানি সরবরাহ নিশ্চিত হবে। এতে কৃষি উৎপাদন বাড়বে এবং কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কাও অনেকটা কমে আসবে। দীর্ঘদিন ধরে তারা পাম্প হাউসটি চালুর দাবি জানিয়ে আসছিলেন বলেও জানান।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব পাম্প হাউসের কার্যক্রম ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঠিকভাবে পাম্প পরিচালনার নির্দেশনা প্রদান করেন।
তিনি বলেন, কৃষিবান্ধব উন্নয়নের ধারাবাহিকতায় সরকার কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। তালিবনগর পাম্প হাউস পুনরায় চালু হওয়ায় এ অঞ্চলের কৃষি উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
স্থানীয়দের মতে, পাম্প হাউসটি সচল হওয়ায় শুধু কৃষিকাজই নয়, এলাকার সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। কৃষি নির্ভর এই অঞ্চলের মানুষের জীবিকা ও উৎপাদন ব্যবস্থায় নতুন গতি ফিরে আসবে বলে মনে করছেন তারা।
এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি
