আজ ১২ মে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের উদ্যোগে শ্রীপুর উপজেলার রাধানগর ও সাচিলাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে।
বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে তেল মিল, মুদিদোকান, মিষ্টির কারখানাসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযান চলাকালে পূর্বে সতর্ক করার পরও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ, কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, খাবারে ক্ষতিকর ও অননুমোদিত রঙ ব্যবহার, ফ্রিজে অস্বাস্থ্যকরভাবে খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় সাচিলাপুর বাজারের “মেসার্স শশী মিষ্টান্ন ভান্ডার”-কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাধানগর বাজারে যথাযথ লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে “মেসার্স রাজ্জাক তেল মিল”-কে ৩ হাজার টাকা এবং “মেসার্স জালাল তেল মিল”-কে একই ধারায় আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে মোট ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে সর্বমোট ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় ব্যবসায়ীদের নকল ও ভেজাল পণ্য বিক্রি না করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে ব্যবসা পরিচালনা, মূল্যতালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ বা ক্ষতিগ্রস্ত পণ্য বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন ডিএসআই মো: ফয়েজুল কবীর, শ্রীপুরের স্যানিটারি ইন্সপেক্টর এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
