অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, প্রতিটি জীবন মূল্যবান” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে মাগুরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের আয়োজন করে মাগুরা জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরা।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহিদুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. শামীম কবির, সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান এবং প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ বাবলুর রহমান।
এ সময় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী শিক্ষার্থী, প্রতিবন্ধী শিশু, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম কোনো প্রতিবন্ধকতা নয়; সঠিক পরিচর্যা, শিক্ষা ও সামাজিক সহযোগিতা পেলে অটিজমে আক্রান্ত শিশুরাও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম। তারা অটিজম বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিবন্ধীবান্ধব সমাজ গঠনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অটিজম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের অধিকার নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
