পাবনার সুজানগর উপজেলায় সংঘবদ্ধ গরু চোরচক্রের তৎপরতা বেড়েছে। এরই মধ্যে উপজেলার চরবিশ্বনাথপুর গ্রামে মোঃ মোয়াজ্জেম হোসেন শেখ নামে এক কৃষকের গোয়াল ঘর ভেঙে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল দিনগত রাত আনুমানিক ৩টার দিকে এই চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।
কৃষক মোয়াজ্জেম হোসেন জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে তিনি গোয়াল ঘর তালাবদ্ধ করে ঘুমাতে যান। গভীর রাতে কোনো একসময় একটি সংঘবদ্ধ চোরের দল পরিকল্পিতভাবে তার গোয়াল ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে চারটি গরু নিয়ে পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের ভাঙা তালা দেখে ঘটনাটি বুঝতে পারেন তিনি। পরে আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও গরুগুলোর কোনো সন্ধান পাওয়া যায়নি।
মোয়াজ্জেম হোসেন আরও বলেন, চুরি হওয়া গরুগুলোর বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। এসব গরু তিনি দীর্ঘদিন ধরে লালন-পালন করছিলেন। গরু বিক্রির টাকায় পরিবারের খরচ ও কৃষিকাজে সহায়তা করার পরিকল্পনা ছিল। হঠাৎ এভাবে সব গরু হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র উপার্জনের উৎসও ছিল এই গরুগুলো।
স্থানীয় লোকজনের দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে একটি চোরচক্র সক্রিয় রয়েছে। তারা গভীর রাতে বিভিন্ন বাড়িতে চুরি করে পালিয়ে যায়। তবে সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা আরও বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ অত্যন্ত আতঙ্কে দিন কাটাচ্ছে।
এ ঘটনায় সুজানগর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী কৃষক। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। স্থানীয়দের দাবি, এলাকায় রাত্রীকালীন টহল বাড়ানো হলে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে।
