পাবনার সুজানগর উপজেলার মথুরাপুর হাইস্কুলে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে অন্তত ১৫ জন শিক্ষার্থী। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে স্কুল কর্তৃপক্ষ দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা প্রদান করা হয়। গুরুতর অবস্থার কারণে একজন শিক্ষার্থীকে পাবনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশেদুজ্জামান রাশেদ। চিকিৎসা শেষে অন্যান্য শিক্ষার্থীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণির ছুফিয়া খাতুন, সাইমা খাতুন, আরাফাত রহমান, সুমাইয়া খাতুন, জান্নাতুন আয়েশা সিদ্দিকা, সামিয়া, সাবিহা, জান্নাতুল ফেরদৌস, খাদিজা খাতুন ও আরও কয়েকজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ইসহাক জানান, মঙ্গলবার ক্লাস চলাকালে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। এরপর একে একে আরও কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে যায়। পরিস্থিতি দ্রুত অবনতির দিকে গেলে বিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের হাসপাতালে নিয়ে যায়।
অসুস্থ শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষের ভেতরে তারা এক ধরনের অস্বাভাবিক গন্ধ অনুভব করে। ওই গন্ধ পাওয়ার পর তাদের বমি বমি ভাব শুরু হয় এবং কিছুক্ষণের মধ্যেই কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. তন্ময় সাহা জানান, প্রচণ্ড গরম ও আতঙ্কের কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার পর অন্যরা ভয় পেয়ে মানসিকভাবে প্রভাবিত হয়। বর্তমানে শিক্ষার্থীরা শঙ্কামুক্ত রয়েছে বলে তিনি জানান।
এদিকে প্রতিষ্ঠানের পরিচালক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রাশেদুজ্জামান রাশেদ বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসার সব ধরনের ব্যয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট বিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।
এস এন জামান হাশেমী সুজানগর উপজেলা প্রতিনিধি