স্মরণকালে সবচেয়ে বাজে সময়ে ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব গ্রহণ করেছিলেন কার্লো আনচেলত্তি। দরিভাল জুনিয়রের বিদায়ের পর আনচেলত্তির প্রথম লক্ষ্য ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপের মূলপর্বে তোলা। সেই লক্ষ্য পূরণের পর এখন দল গোছানোয় জোর দিয়েছেন এই ইতালিয়ান কোচ। তবে সব ছাপিয়ে এই কিংবদন্তি কোচের সামনে বড় প্রশ্ন–ইনজুরিতে ভুগতে থাকা নেইমারকে কি বিশ্বকাপের দলে জায়গা দেবেন তিনি?কার্লো আনচেলত্তি আরও একবার নিশ্চিত করেছেন, ব্রাজিলের বিশ্বকাপ দলে কেবল শতভাগ ফিট খেলোয়াড়রাই জায়গা পাবেন। এমনকি সেলেসাওদের সবচেয়ে বড় তারকা নেইমারের জন্যই তা প্রযোজ্য।
গত দুই বছর ধরে চোটের কারণে ব্রাজিল জাতীয় দলের বাইরে দেশটির সর্বোচ্চ গোলদাতা নেইমার। জাতীয় দলের হয়ে তার শেষ ম্যাচ ছিল ২০২৩ সালের অক্টোবর মাসে উরুগুয়ের বিপক্ষে।
নেইমারকে নিয়ে প্রশ্ন করা হলে আনচেলত্তি এস্পোর্তে রেকর্ডকে বলেন, 'তার শতভাগ ফিট থাকা জরুরি। অনেক ভালো খেলোয়াড় আছে। আমাকে তাদেরই বেছে নিতে হবে যারা পুরোপুরি প্রস্তুত। শুধু নেইমার নয়, এটা ভিনিসিউসের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি ভিনিসিয়ুস ৯০ শতাংশ ফিট থাকে, আর অন্য কেউ ১০০ ভাগ থাকে, আমি ১০০ ভাগ ফিট খেলোয়াড়কেই নেব। কারণ দলটির মান খুবই উচ্চ, বিশেষ করে আক্রমণভাগে।'
