বান্দরবানের লামা উপজেলার রূপসী ইউনিয়নের দুর্গম ছলুম পাড়ায় হামের প্রাদুর্ভাবে একই পরিবারের দুই ম্রো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। মাত্র এক দিনের ব্যবধানে দুই সন্তানের মৃত্যুতে পরিবারটিতে নেমে এসেছে শোকের মাতম, আর পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উদ্বেগ ও আতঙ্ক।
মৃত দুই শিশু হল, সংছাই ম্রো (৭) ও মেনলেং ম্রো (১)। তারা ছলম পাড়ার বাসিন্দা মেনথক ম্রো ও চাইলে ম্রো দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, হাম আক্রান্ত হয়ে অসুস্থ হলে শিশু দু’জনকে প্রথমে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও পুনরায় তাদের অবস্থার অবনতি ঘটে। সবশেষে চিকিৎসাধীন অবস্থায় সংছাই ম্রো গত বুধবার (২০ মে) এবং মেনলেং ম্রো বৃহস্পতিবার (২১ মে) মারা যায়।
স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা ও টিকাদান কার্যক্রম সীমিত হওয়ায় হামের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। এতে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বেড়ে গেছে।
বান্দরবান প্রতিনিধি
হামিদুর রহমান
