মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ণাঢ্য নৃত্য উৎসবের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী নৃত্য কর্মশালার সমাপ্তি হয়েছে। শনিবার ২৩ মে রাতে শ্রীমঙ্গল নৃত্যালয়ের আয়োজনে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন নৃত্যদল অংশ নিয়ে মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, শ্রীমঙ্গল সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি মশিউর রহমান রিপন, ভারতের কলকাতা থেকে আগত নৃত্যশিল্পী সুমন মন্ডল, দিল্লি থেকে আগত নৃত্যশিল্পী নিপুন দাডু নাবিলা, ঢাকা থেকে আগত নৃত্যশিল্পী ও প্রশিক্ষক আবু নাইম এবং শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিরা।
এ সময় শ্রীমঙ্গল নৃত্যালয়ের পরিচালক দ্বীপ দত্ত আকাশ জানান, গত ১৯ মে থেকে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এই নৃত্য প্রশিক্ষণ কর্মশালায় শ্রীমঙ্গল নৃত্যালয়ের ১০৫ জন নৃত্যশিল্পী অংশ নেন। কর্মশালায় ঢাকা থেকে আগত প্রশিক্ষক আবু নাইম অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নৃত্যের বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন।
তিনি আরও বলেন, কর্মশালার সমাপনী দিনে আয়োজিত নৃত্য উৎসবে শ্রীমঙ্গল নৃত্যালয়সহ বাংলাদেশ ও ভারতের মোট ১৮টি নৃত্যদল অংশ নেয়। উৎসবটি স্থানীয় দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
ইকবাল হোসেন রিংকু |
