আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম মঙ্গলবার (০২ ডিসেম্বর) কিছুটা কমেছে। আগের সেশনে ছয় সপ্তাহের সর্বোচ্চ ছোঁয়ার পর মার্কিন ট্রেজারি বন্ডের ফলন বৃদ্ধি ও মুনাফা গ্রহণের কারণে মূল্যবান ধাতুটির ওপর চাপ দেখা গেছে। এদিকে বিনিয়োগকারীরা এখন অপেক্ষায় রয়েছেন সপ্তাহজুড়ে প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যের, যা ফেডারেল রিজার্ভের সুদের হার নীতি সম্পর্কে দিকনির্দেশ দিতে পারে
মঙ্গলবার স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ২১৮.৭১ ডলারে নেমেছে। ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারও ০.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪ হাজার ২৫০.৭০ ডলার।
একই সময়ে মার্কিন ১০-বছর মেয়াদি ট্রেজারি বন্ডের ফলন দুই সপ্তাহের সর্বোচ্চের কাছাকাছি অবস্থান করছে, যা সুদহীন স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ কমিয়ে দিয়েছে।
কে সি এম ট্রিডের চিফ মার্কেট অ্যানালিস্ট টিম ওয়াটারার জানান, স্বর্ণ আজ দুর্বল পারফরম্যান্স করছে, তবে মৌলিক চিত্র অপরিবর্তিত। প্রত্যাশিত মার্কিন সুদের হার কমানো ভবিষ্যতে স্বর্ণের জন্য ইতিবাচক হতে পারে।
