লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা উপজেলার কেরোয়া ইউনিয়নের নয়ারহাট এলাকায় নিখোঁজের একদিন পর ফারাবি (৩) নামে এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে শিশুটির পরিবারের দাবি, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকালে স্থানীয়রা নয়ারহাট এলাকার একটি খালে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ফারাবি স্থানীয় জোড়পোল এলাকার লক্ষিসী বাড়ির বাসিন্দা মো. ফিরোজের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের পর থেকে শিশুটি নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। একদিন পর শুক্রবার সকালে খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, এটি কোনো স্বাভাবিক মৃত্যু নয়। শিশুটিকে হত্যা করে মরদেহ খালে ফেলে দেওয়া হয়েছে বলে তাদের সন্দেহ। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
রায়পুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মিয়া বলেন, মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
মাহবুব হোসেন রনি, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: