মাগুরায় এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে এ পুনর্মিলনীর আয়োজন করে বন্ধন এসএসসি-৯৫, মাগুরা।
সকালে মাগুরা নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাগুরা জেলা অডিটোরিয়ামে পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে সহপাঠীরা স্মৃতিচারণে মেতে ওঠেন এবং স্কুলজীবনের নানা স্মৃতি ভাগাভাগি করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দ খায়রুল আলম ইমন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ফরিদুজ্জামান ফরিদ, এনায়েত করিম উন্মেষ, বাবুল, সাহাবুদ্দিন সোহাগ ও মফিজুর রহমান। বিশেষ পৃষ্ঠপোষক হিসেবে সহযোগিতা করেন ডা. মেহেদী হাসান, সোহাগ, ফরিদুজ্জামান ফরিদ এবং রাসেদুল ইসলাম রাখু। সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে ছিলেন মাগুরা জেলা জাসাসের সদস্য সচিব এম. ফেরদৌস রেজা ও রকিবুল ইসলাম।
দিনব্যাপী আয়োজনে ছিল পরিচয় পর্ব, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আড্ডা, র্যাফেল ড্র এবং মধ্যাহ্নভোজ। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা একে অপরের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও এ ধরনের মিলনমেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আয়োজকরা জানান, ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলা এবং দীর্ঘদিনের বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করতেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। দিনব্যাপী এ অনুষ্ঠান হাসি-আনন্দ, স্মৃতিচারণ ও আন্তরিকতায় ভরপুর এক মিলনমেলায় পরিণত হয়।
মোঃ সাজ্জাদ হোসেন,
মাগুরা জেলা প্রতিনিধি