ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে কুড়িগ্রামের রাজারহাটে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে রাজারহাট উপজেলা যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজারহাট রেলস্টেশন চত্বরে এ অভিযান চালানো হয়।
অভিযানের সময় রেলস্টেশন এলাকার বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে সেগুলো ধ্বংস করা এবং পানি জমে থাকা স্থানগুলো পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় পথচারী ও স্থানীয়দের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণাও চালানো হয়।
রাজারহাট উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা, সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, দপ্তর সম্পাদক বাবু, পৌর যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম শিমুল, রাজারহাট উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল কুদ্দুস, সদস্য সচিব মো. নয়ন আলী, যুগ্ম আহ্বায়ক হেলালুজ্জামান হেলাল ও আবুল কালাম আজাদ, ওয়াজেদ আলী, আশরাফুল হকসহ যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কুড়িগ্রাম জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিম পারভেজ তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু অভিযান পরিচালনা করলেই হবে না, প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। নিয়মিতভাবে বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও জনসমাগমস্থলের আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব বলেও তারা জানান।
হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: