টাঙ্গাইলের বাসাইলে এক নারীকে উত্ত্যক্তের দায়ে মারুফ মিয়া (২৪) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মারুফ মিয়া মধুপুর উপজেলার কাকরাইদ গ্রামের শহিদুল ইসলামের ছেলে।
জানা গেছে, বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের বাথুলীসাদী এলাকায় এক নারীকে উত্ত্যক্তের অভিযোগে মারুফ মিয়াকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তিনি উত্ত্যক্তের কথা স্বীকার করেন।
এর পরিপ্রেক্ষিতে আদালত তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন। দণ্ডাদেশের পর তাকে পুলিশি হেফাজতে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।
