সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রইছপুর এলাকায় অনুষ্ঠিত রইছপুর প্রিমিয়ার লীগের ১৫তম আসরের ফাইনাল খেলায় ছিল টানটান উত্তেজনা ও হাড্ডাহাড্ডি লড়াই। রবিবার বিকেলে আয়োজিত এই ফাইনাল ম্যাচ দেখতে মাঠে ভিড় করেন বিভিন্ন শ্রেণি-পেশার ক্রীড়াপ্রেমী মানুষ। পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
ফাইনাল খেলায় সরদার বাড়ি ক্রিকেট একাদশ দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দলটির নেতৃত্ব দেন ক্যাপ্টেন বাইজিদ হোসেন। প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে নামে সিদ্দিকিয়া ক্রিকেট একাদশ, যার নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন রুবেল। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের খেলোয়াড়দের দারুণ প্রতিদ্বন্দ্বিতায় দর্শকরা উপভোগ করেন রোমাঞ্চকর এক ফাইনাল।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম। এ সময় তিনি বলেন, “যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
তিনি আরও বলেন, স্থানীয় পর্যায়ে এমন আয়োজন অব্যাহত থাকলে নতুন প্রজন্ম সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিদ্দিকিয়া ফিডের স্বত্বাধিকারী মোঃ মাসুদ, দিবা ফার্মেসির স্বত্বাধিকারী মো: হোসেন আলী, টি স্টলের স্বত্বাধিকারী মো: ফারুক হোসেন, নাসির উদ্দিন, আম্পিয়ার মাসুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান পলাশ, পৌর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক মাওলানা আবু জাহের এবং বিএনপির আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুর রউফ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল দল, অতিথি ও দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এর আগে আয়োজিত হাড়িভাঙ্গা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহাসিন আলম। প্রতিযোগিতাটি উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দ ও উৎসাহের সৃষ্টি করে।
