ভারতের সহকারী হাইকমিশন, রাজশাহী এবং রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে উদযাপিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক যোগ দিবস ২০২৬’। এ উপলক্ষে আজ মঙ্গলবার (২ জুন) সকাল ১০টায় রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের পর্দা উন্মোচন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।
এ সময় তিনি শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে যোগব্যায়ামের গুরুত্ব তুলে ধরেন এবং রাজশাহীতে এই আয়োজন সফল করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী চেম্বার অব কমার্সের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, যোগব্যায়াম মানুষের মনের একাগ্রতা বাড়াতে এবং সুস্থ জীবনধারা গঠনে দারুণ ভূমিকা রাখে।
আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া জাগাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। সংক্ষিপ্ত আলোচনা ও উদ্বোধনী আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।
মো: মুরাদ হোসেন
রাজশাহী জেলা
