দীর্ঘ ৭২ ঘণ্টার অনিশ্চয়তা ও উত্তেজনার পর পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত থেকে নারী-পুরুষসহ ১০ জনকে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্ত সূত্রে জানা গেছে, গভীর রাতে সীমান্ত এলাকার লাইট বন্ধ করে জিরো লাইনে অবস্থানরত ওই ১০ জনকে ভারতীয় ভূখণ্ডে সরিয়ে নেয় বিএসএফ।
এর আগে গত ৫ জুন ভোররাতে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে প্রবেশ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কঠোর অবস্থান গ্রহণ করলে সেই চেষ্টা ব্যর্থ হয়। এরপর থেকে ওই ব্যক্তিরা সীমান্তের জিরো লাইনে অবস্থান করছিলেন।
টানা ৭২ ঘণ্টা রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যে অবস্থান করায় বিষয়টি মানবিক সংকটে রূপ নেয়। ঘটনাকে কেন্দ্র করে বিজিবি ও বিএসএফের মধ্যে একাধিকবার যোগাযোগ ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও দৃশ্যমান কোনো সমাধান পাওয়া যায়নি। শেষ পর্যন্ত বিএসএফ তাদের ফিরিয়ে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
এ বিষয়ে নীলফামারী বিজিবি ব্যাটালিয়নের সিও (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল সিরাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক আইন ও সীমান্ত ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী অবৈধ পথে কোনো নাগরিককে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জেলার ২৭৮ কিলোমিটার সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অনিয়মিত প্রবেশ রোধে তাদের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি।
মো.মাহাবুব আলম
জেলা প্রতিনিধি পঞ্চগড়
