পটুয়াখালীর কুয়াকাটায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আঃ মান্নান হাওলাদার (৫৫) নামে এক জেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মান্নান হাওলাদার ওই এলাকার মৃত সুলতান হাওলাদারের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টার দিকে আঃ মান্নান হাওলাদার কয়েকজন সহকর্মীর সঙ্গে মম্বিপাড়া এলাকার ৩৩ কানিয়া মাছঘাটে মাছ ধরতে যান। মাছ ধরা শেষে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি ফেরার পথে হঠাৎ কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত শুরু হয়। এ সময় একটি বজ্রপাত সরাসরি তার ওপর আঘাত হানলে তিনি গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছেলে মোঃ মেহেদী হাসান জানান, বজ্রপাতে তার বাবার বাম কানে গুরুতর আঘাত লেগেছিল এবং ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি চেয়ে মহিপুর থানায় একটি লিখিত আবেদন করেছে পরিবার। বর্তমানে নিহতের মরদেহ তার নিজ বাড়িতে রাখা হয়েছে।
এদিকে সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে নিহতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পুরো মম্বিপাড়া এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে এবং স্বজনদের আহাজারিতে চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।
মোঃ সোহাগ আহমেদ, কলাপাড়া (কুয়াকাটা) উপজেলা প্রতিনিধি:
