মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নে ৫টি আইপিএস (UPS) মেশিন প্রদান করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে মাগুরা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিনের কাছে এমপির পক্ষে আইপিএস মেশিনগুলো হস্তান্তর করেন আলহাজ মাসুদ হাসান খান কিজিল।
হাসপাতাল সূত্রে জানা যায়, মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে সিঙ্গেল-ফেজ বিদ্যুৎ সংযোগ থাকায় লোডশেডিংয়ের সময় প্রায়ই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ অবস্থায় হাসপাতালের পাঁচটি ওয়ার্ডে পাঁচটি আইপিএস মেশিন স্থাপন করা হলে জরুরি সেবাদান কার্যক্রমে বিদ্যুৎ সমস্যার প্রভাব অনেকটাই কমে আসবে।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহসীন উদ্দিন বলেন, “হাসপাতালে ডাবল-ফেজ বিদ্যুৎ সংযোগ স্থাপনের বিষয়ে আমি এমপি মহোদয়কে জানিয়েছিলাম।
বিষয়টি বাস্তবায়নে সময় লাগবে বিবেচনা করে তিনি নিজ উদ্যোগে আইপিএস মেশিন দিয়েছেন। এর ফলে রোগীদের ভোগান্তি অনেকাংশে কমবে। হাসপাতালের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
আইপিএস হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কৃষকদল নেতা রিপন আকাশ অপু, রিফাতুল ইসলাম রায়হানসহ অন্যান্য নেতাকর্মি উপস্থিত ছিলেন।
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
