মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর বাজারে মেয়াদোত্তীর্ণ কীটনাশকের মেয়াদ পরিবর্তন করে বিক্রি, মূল্য বৃদ্ধি এবং নিম্নমানের অননুমোদিত বীজ বাজারজাত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৯ জুন ২০২৬) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয় বিনোদপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বীজের দোকান, সার-কীটনাশক বিক্রয় কেন্দ্র, মুদিদোকানসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় বিনোদপুর বাজারের মেসার্স সাহা ট্রেডার্স নামের একটি বীজ, সার ও কীটনাশকের দোকানে গুরুতর অনিয়ম ধরা পড়ে।
তদারকিকালে দেখা যায়, ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ হওয়া কীটনাশকের আসল মেয়াদ মুছে ফেলে ২০২৭ সাল পর্যন্ত নতুন মেয়াদের সিল মেরে বিক্রি করা হচ্ছে। এছাড়া ২৩০ টাকার কীটনাশকের মূল্য বাড়িয়ে ২৮০ টাকা লেখা হয়েছে। আরও অভিযোগ পাওয়া যায়, বিভিন্ন বেনামি কোম্পানির অননুমোদিত ও নিম্নমানের ধানের বীজ এবং কীটনাশক এনে প্রতিষ্ঠানটি নিজেদের সিল ব্যবহার করে বাজারজাত করছে।
অভিযান চলাকালে একাধিক কৃষক জানান, তারা এ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতারিত হয়েছেন। কৃষি ও কৃষকদের সঙ্গে এমন প্রতারণামূলক কর্মকাণ্ডের দায়ে প্রতিষ্ঠানটির মালিক সমীর কুমার সাহাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ও ৫১ ধারায় ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।
এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মো. শাহীন ইসলাম, স্টাফ সদস্য কারিমুল ইসলাম এবং মাগুরা জেলা পুলিশের একটি দল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
