রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় নিখোঁজ হওয়া দুই সহোদরকে তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেছে আরএমপির কাশিয়াডাঙ্গা থানা পুলিশ।
গত ৭ জুন ২০২৬ তারিখে আরএমপি'র কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের দুই ছেলে তাসনিম তামজিব (১৩) এবং নোমান তাহমিদ (১৮) নিখোঁজ হওয়ার ঘটনায় কাশিয়াডাঙ্গা থানায় দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) রুজু হয়। যার মধ্যে জিডি নং- ৩৬৫-এর তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই (নিঃ) মোঃ আবু শাহাদাত এবং জিডি নং- ৩৫৬-এর তদন্তকারী কর্মকর্তা ছিলেন এসআই মোঃ মসলেম উদ্দিন।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির নিখোঁজের বিষয়টি গুরুত্বের সঙ্গে গ্রহণ করে অফিসার ইনচার্জ, কাশিয়াডাঙ্গাকে দ্রুত দুই সহোদরকে উদ্ধারের নির্দেশ প্রদান করেন। পুলিশ কমিশনারের সার্বিক দিকনির্দেশনায় এবং অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তারা তথ্যপ্রযুক্তির সহায়তায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় গত ৮ জুন ২০২৬ তারিখ রাত অনুমান ১০ টার দিকে উভয় ভিকটিমকে হড়গ্রাম চারখুটির মোড় এলাকা থেকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত দুই সহোদরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
মো: মুরাদ হোসেন
রাজশাহী জেলা
