মাঝখানে কেটে গেছে দীর্ঘ ১৬ বছর। জোহানেসবার্গের Soccer City Stadium–এর ভুভুজেলার সেই গর্জন আজও যেন বিশ্বকাপপ্রেমীদের স্মৃতিতে জীবন্ত। ২০১০ সালের সেই আসর অনেক তরুণ দর্শকের জন্য ছিল প্রথম বিশ্বকাপ অভিজ্ঞতা—যেখানে শাবালালার আইকনিক গোল আজও আলোচনার অংশ।
২৩তম ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে আগামীকাল, অংশ হিসেবে শুরু হচ্ছে উদ্বোধনী ম্যাচ। এবারের উদ্বোধনী ভেন্যু মেক্সিকোর ঐতিহাসিক Estadio Azteca। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ১টায় মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
বিশ্বকাপ ইতিহাসে এবারও রচিত হচ্ছে এক অনন্য পুনর্মিলনের গল্প। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরের উদ্বোধনী ম্যাচে এই দুই দলই মুখোমুখি হয়েছিল। এবার ঠিক ১৬ বছর পর সেই একই বিশ্বকাপের প্রথম ম্যাচে আবারও দেখা হচ্ছে দুই দলের।
পার্থক্য একটাই—২০১০ সালের স্বাগতিক দক্ষিণ আফ্রিকা এবার খেলছে অতিথি হিসেবে। আর আরও বড় বাস্তবতা হলো, গত তিন আসরের মূল পর্বে জায়গা করতে পারেনি তারা। ফলে বিশ্বকাপে দীর্ঘ বিরতির পর ফেরার ম্যাচেই আবার সেই প্রতিপক্ষ মেক্সিকোর মুখোমুখি হওয়া তাদের জন্য আবেগঘন এক পুনর্মিলন।
সব মিলিয়ে সকার সিটির সেই আবহ, সেই স্মৃতি এবং ২০১০ সালের উত্তেজনা—আবারও যেন ফিরে আসছে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে। FIFA World Cup 2026–এর এই সূচনা তাই কেবল একটি ম্যাচ নয়, বরং ইতিহাসের এক পুনরাবৃত্তির গল্প।

