রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমাণ গ্রন্থাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে প্রকাশিত বই পাওয়া যাওয়াকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীরা গ্রন্থাগারের গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে যান। পরে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বইগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন। বুধবার দুপুরে রাজশাহী কলেজ ক্যাম্পাসে অবস্থানরত ভ্রাম্যমাণ গ্রন্থাগারের গাড়িতে এসব বই দেখতে পান ছাত্রদলের নেতাকর্মীরা এবং আপত্তি তোলেন।
এরপর তারা গাড়িটি জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়ে গিয়ে বিষয়টি প্রশাসনের নজরে আনেন। জেলা প্রশাসকের নির্দেশনার পর বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ গ্রন্থাগারের রাজশাহী ইউনিটের ইনচার্জ জাহাঙ্গীর আলম লিখিত অঙ্গীকারনামা দেন। সেখানে তিনি উল্লেখ করেন বইগুলো সরিয়ে ফেলা হবে এবং ভবিষ্যতে এসব বই আর পাঠকদের জন্য প্রদর্শন বা বিতরণ করা হবে না। একই সঙ্গে তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
ভ্রাম্যমাণ গ্রন্থাগারের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, গ্রন্থাগারে বিভিন্ন ধরনের বইয়ের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় প্রকাশিত কিছু বইও রয়ে গিয়েছিল, যা অনাকাঙ্ক্ষিত। প্রকল্পটি দীর্ঘ সময় বন্ধ থাকার কারণে গাড়িটি প্রধান কার্যালয়ে ছিল। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর বইগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হলেও সংরক্ষণের উপযুক্ত স্থান না থাকায় সেগুলো গাড়িতেই রাখা হয়েছিল।
মো: মুরাদ হোসেন
রাজশাহী জেলা
