ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চলো সবাই খেলতে চলো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ।
মাগুরা জেলা পুলিশ ও শ্রীপুর উপজেলা বাসীর উদ্যোগে আয়োজিত এ ফুটবল ম্যাচের উদ্বোধন করেন তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোল্লা আজাদ হোসেন, বদরুল আলম হিরো এবং খন্দকার আব্বাস উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শাহ শিবলী সাদিক, খায়রুল হাসান, সাকেল নিশাত আল নাহিয়ানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সম্প্রীতির এই ফুটবল ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ মুখোমুখি হয় শ্রীপুর ফুটবল একাদশের। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণের মধ্য দিয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেয়। মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উৎসাহ। ম্যাচে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ ১-০ গোলে শ্রীপুর ফুটবল একাদশকে পরাজিত করে।
বাংলাদেশ বেতারের খ্যাতিমান ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায় খেলাটির প্রাণবন্ত ধারাবিবরণী প্রদান করেন।
অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ বলেন, “মাদক প্রতিরোধ, গ্রামীণ সম্প্রীতি জোরদার, দাঙ্গা-হাঙ্গামা রোধ এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যেই এ ধরনের সম্প্রীতির ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। জেলা পুলিশ সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং সামাজিক সমস্যা মোকাবিলায় জনগণের সঙ্গে একযোগে কাজ করে যাচ্ছে।”
খেলাটি পরিচালনা করেন সাদ্দাম হোসেন
মো: সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি |
