নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া উচ্চ বিদ্যালয়ে প্রায় ৫৮ বছর পর আগমন করছেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন। শৈশবের স্মৃতিবিজড়িত এই বিদ্যালয়ে আগামী রবিবার (৭ ডিসেম্বর) তিনি কৃতী শিক্ষার্থী ও প্রাক্তন সহপাঠীদের সঙ্গে মতবিনিময় এবং স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে অংশ নেবেন।
উপদেষ্টার আগমনকে কেন্দ্র করে পুরো বিদ্যালয় মাঠে ব্যাপক প্রস্তুতি চলছে। বিদ্যালয় সূত্রে জানা যায়, প্যান্ডেল নির্মাণ ও সাজসজ্জার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এমন বরেণ্য ব্যক্তিত্বের আগমন বার্তা এলাকায় এক প্রাণচাঞ্চল্য সৃষ্টি করেছে।
পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন ১৯৬৪ সালে এই বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ভর্তি হন এবং ৮ম শ্রেণি পর্যন্ত সেখানে পড়াশোনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস তাঁর স্মৃতিচারণ করে বলেন, "তৎকালীন প্রধান শিক্ষক ছিলেন মোঃ আসাদ। তৌহিদ হোসেন ছিলেন অত্যন্ত মেধাবী ও প্রিয় শিক্ষার্থী।"
উপদেষ্টার সহপাঠী ও বন্ধু মহিউদ্দিন আজাদ জানান, "৮ম শ্রেণি শেষ করার পর তৌহিদ হোসেন রংপুর ক্যাডেট স্কুল এন্ড কলেজে ভর্তি হন। ১৯৭৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আমাদের পুনর্মিলন হয়।" তিনি আরও জানান, এই অনুষ্ঠানে তাঁরা প্রায় ১৬ জন সতীর্থ একসাথে স্মৃতিচারণ করবেন।
উল্লেখ্য পররাষ্ট্র উপদেষ্টার বাবা আব্দুল মান্নান নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া বাজারে অবস্থিত কাস্টম্স অ্যান্ড এক্সাইজ অফিসে অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি