পটুয়াখালীর বাউফল উপজেলার ১১ নং দাসপাড়া ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের কবিরাজ বাড়ি সংলগ্ন আয়রন ব্রিজ সংস্কার কাজ সম্পন্ন করেছেন দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আজাদ হোসেন, উপজেলা যুবদলের নেতা মোঃ আরিফ হোসেন, ছাত্রদল নেতা মোঃ কাজী মিরাজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ ৪ থেকে ৫ বছর ধরে ব্রিজটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে ছিলেন। ব্রিজটির বিভিন্ন অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় ছোট ছোট শিশু ও সাধারণ মানুষ প্রায়ই দুর্ঘটনার শিকার হতেন। বিষয়টি এলাকাবাসী আলী আজম চৌধুরীর নজরে আনলে তিনি দ্রুত উদ্যোগ নিয়ে নিজস্ব অর্থায়নে ব্রিজটির সংস্কার কাজ সম্পন্ন করেন।
এলাকাবাসীর দাবি, শুধু এই ব্রিজই নয়, অবহেলিত দাসপাড়া ইউনিয়নের বিভিন্ন ভাঙাচোরা রাস্তা, সেতু ও জনদুর্ভোগপূর্ণ স্থানের উন্নয়নে ইতোমধ্যে একাধিক কাজ করেছেন আলী আজম চৌধুরী।
স্থানীয় বাসিন্দা সমিরন কবিরাজ ও বাসুদেব বালা বলেন, “ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। কয়েক মাস আগেও এখানে অনেক মানুষ, বিশেষ করে শিশুদের দুর্ঘটনার শিকার হতে হতো। এখন ব্রিজটি সংস্কার হওয়ায় আমাদের চলাচলে অনেক সুবিধা হয়েছে। এজন্য আমরা আলী আজম চৌধুরীর প্রতি কৃতজ্ঞ।”
ব্রিজ সংস্কারের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে এবং নিরাপদ চলাচল নিশ্চিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মোঃ রুবেল হোসেন বাউফল প্রতিনিধি:
