গাজীপুরের পূবাইলে একটি ফ্ল্যাটের দরজা ভেঙে সাহানা বেগম (৫৮) নামে এক প্রধান শিক্ষিকার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (৬ ডিসেম্বর) ভোরে পূবাইলের মাজুখান পশ্চিমপাড়ার ১৪ তলা ফাল্গুনী টাওয়ারের দ্বিতীয় তলার ফ্ল্যাটের দরজা ভেঙে ওই প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাহানা বেগম ঢাকা জেলার রায়পুরা থানার বনশ্রী এলাকার মৃত আব্দুল আউয়ালের মেয়ে। তিনি একা ভাড়া বাসায় থেকে কালীগঞ্জ একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেন।থানা সূত্রে জানা যায়, গত তিন দিন সাহানা বেগমের ঘর বন্ধ পেয়ে পাশের ফ্লাটের লোকজন থানায় ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানালা দিয়ে দেখে খাটের ওপর তার অর্ধগলিত মরদেহ পড়ে আছে। পরে পুলিশ দরজা ভেঙে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের মেয়ে জানান, আমার মা দীর্ঘ চার বছর একা ভাড়া বাসায় থেকে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করছিলেন। আমার মা হার্টের রোগী ছিলেন।
