পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে অভিযুক্ত একটি নৌকায় মার্কিন সামরিক বাহিনী হামলা চালিয়েছে। বৃহস্পতিবার চালানো এ হামলায় তিনজন নিহত হয়েছেন।
ট্রাম্প প্রশাসন লাতিন আমেরিকায় কথিত পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।
সর্বশেষ হামলার পর সেপ্টেম্বরের শুরু থেকে ট্রাম্প প্রশাসন যাদের ‘নারকো-টেররিস্ট’ বা মাদক-সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে, তাদের লক্ষ্য করে চালানো মার্কিন সামরিক নৌকা হামলায় নিহতের সংখ্যা অন্তত ২১১ জনে পৌঁছেছে।
পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবিয়ান সাগরে চালানো হামলা নিয়ে মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, তারা কথিত মাদক পাচারকারীদের লক্ষ্য করেছে। তবে সামরিক বাহিনী নৌকাটি মাদক বহন করছিল, এমন কোনো প্রমাণ প্রকাশ করেনি।
এক্সে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, আঘাত পাওয়ার পর নৌকাটি আগুন ধরে যাওয়ার আগে দ্রুত গতিতে পানিতে চলছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লাতিন আমেরিকার মাদক চক্রগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সশস্ত্র সংঘাত চলছে। তিনি এই হামলাগুলোকে যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ কমানো এবং মাদক অতিরিক্ত সেবনে মৃত্যু ঠেকানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তবে তার প্রশাসন মাদক-সন্ত্রাসীদের হত্যার দাবির পক্ষে খুব কম প্রমাণ দিয়েছে।
সমালোচকরা এই নৌ-হামলার বৈধতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে, ফেন্টানাইলসহ প্রাণঘাতী মাদকের বড় অংশ মেক্সিকো থেকে স্থলপথে যুক্তরাষ্ট্রে আসে, যা চীন ও ভারত থেকে আসা রাসায়নিক দিয়ে তৈরি করা হয়।
বৃহস্পতিবার সিনেটররা পেন্টাগনের কাছে হামলার সম্পাদনা-বিহীন ভিডিও প্রকাশের দাবি জানান।