নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন তৎপরতা ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার রাত ৮টায় মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসুর নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলা পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলটি মোটরসাইকেল বহর নিয়ে পুলিশ লাইন এলাকা থেকে শুরু হয়ে শহরের ভায়না মোড়, চৌরঙ্গী মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে চৌরঙ্গী মোড়ে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান হাসু। এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রেজোয়ান কবির, সাইফুল ইসলাম রানা এবং সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সুমনসহ অন্যান্য নেতাকর্মীরা।
বক্তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সাংগঠনিক তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন ও সতর্ক থাকতে হবে। তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর কর্মসূচি সফল করার আহ্বান জানান এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি পুনরায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করে। এ সময় জেলা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা প্রতিনিধি:
