বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, স্বাধীনতার পর বিভিন্ন আদর্শের সরকার ক্ষমতায় এলেও জনগণের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। রবিবার নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার টেপারহাট এলাকায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “৫৪ বছরে ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ ও সমাজতন্ত্র জনগণের ভাগ্য পরিবর্তন করতে ব্যর্থ হয়েছে। নৌকা, ধানের শীষ, লাঙ্গল—সবাই নিজেদের উন্নয়ন করেছে, কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি।”
জামায়াত এককভাবে নয়, বরং ৮টি ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলের সঙ্গে যৌথভাবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনগণের শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই এগোচ্ছে বলে তিনি জানান। ঐক্য বজায় থাকলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে “ইসলামী শাসনব্যবস্থা” প্রতিষ্ঠার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
দুর্গাপূজায় হামলা প্রসঙ্গে এ টি এম আজহারুল ইসলাম বলেন, ২০২৫ সালে দেশের কোথাও মন্দিরে হামলার ঘটনা ঘটেনি, যা প্রমাণ করে— অতীতে যারা এসব ঘটাত, তারা দেশ ছেড়ে পালিয়েছে এবং জনগণ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমীর আব্দুর রশিদ শাহ্ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি ফেরদৌস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আমীর ও নীলফামারী-১ আসনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল মুনতাকিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৯০টি পরিবারকে একটি করে ঢেউটিনের বান্ডিল প্রদান করা হয়।
এ আর বাদশা
নীলফামারী জেলা প্রতিনিধি