অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এ বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনকারী মাগুরা জেলার কৃতি খেলোয়াড় ও কোচকে সংবর্ধনা দিয়েছে পারলা মুসলিম স্পোর্টিং ক্লাব ও এলাকাবাসী।
শুক্রবার (২৬ জুন) রাত ১১টায় পারলা গ্রামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনোয়ার বিশ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক এবং আসন্ন পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. তুহিন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি একলাছুর রহমান কাটু, সাধারণ সম্পাদক মোহাম্মদ দারুল বিশ্বাস, মুসলিম স্পোর্টিং ক্লাবের সেক্রেটারি মুরাদ বিশ্বাস, মোহাম্মদ হারুন বিশ্বাস, রনি বিশ্বাস ও আজাদ বিশ্বাস।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডলার বিশ্বাস। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ক্লাবের সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ইশা, রাফিজ ও অভিকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। একই সঙ্গে দলের কোচ মোহাম্মদ নুর ইসলামকেও বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এ সময় প্রধান অতিথি মো. তুহিন বিশ্বাস খেলোয়াড়দের প্রশিক্ষণ কার্যক্রম ও প্রয়োজনীয় ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের জন্য কোচ মোহাম্মদ নুর ইসলামের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন।
বক্তারা বলেন, অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে মাগুরার শিরোপা জয় জেলার জন্য একটি ঐতিহাসিক অর্জন। এই সাফল্য শুধু জেলার নয়, পারলা এলাকাবাসীর জন্যও গর্ব ও আনন্দের বিষয়। ভবিষ্যতে আরও প্রতিভাবান ফুটবলার গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে খেলাধুলার পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষ থেকে মাদকবিরোধী সচেতনতামূলক বক্তব্যও তুলে ধরা হয়। বক্তারা বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করতে হবে। একই সঙ্গে সবাইকে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সবশেষে সংবর্ধিত খেলোয়াড় ও কোচের উত্তরোত্তর সাফল্য কামনা করে। পরে উপস্থিত অতিথি, খেলোয়াড় ও এলাকাবাসীর অংশগ্রহণে নৈশভোজের মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মাগুরা প্রতিনিধি
