বাবা বলিউডের কিংবদন্তি অ্যাকশন পরিচালক প্রয়াত বীরু দেবগনের জন্মবার্ষিকীতে ভক্তদের জন্য এক বিশাল চমক নিয়ে হাজির হলেন বলিউড সিংহাম অজয় দেবগন। বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে মুক্তি দেওয়া হয়েছে তার আগামী হাই-ভোল্টেজ অ্যাকশন সিনেমা ‘চৌহান’ -এর শ্বাসরুদ্ধকর টিজার।
শুধু ছবির ফার্স্ট লুক বা টিজার প্রকাশই নয়, এর সাথে নির্মাতারা ঘোষণা করে দিয়েছেন ছবি মুক্তির চূড়ান্ত তারিখও। ২০২৭ সালের ১ অক্টোবর বড় পর্দায় বিশ্বব্যাপী মুক্তি পাবে এই মেগা প্রজেক্ট। নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবির প্রথম ঝলকটি শেয়ার করেছেন অজয় দেবগন নিজেই।
টিজারটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় দর্শকদের মাঝে রীতিমতো শিহরণ পড়ে গেছে। ভিডিওর শুরুতেই ব্যাকগ্রাউন্ড থেকে ভেসে আসে একটি গম্ভীর কণ্ঠস্বর; যা মনে করিয়ে দেয় কাশ্মীরের সেই জ্বলন্ত ও রক্তাক্ত সংঘাতের ইতিহাস। দীর্ঘ ৭৫ বছর ধরে চলে আসা যে সংঘাতের আজও কোনো স্থায়ী সমাধান মেলেনি। ঠিক তেমনই এক থমথমে পরিস্থিতিতে পর্দায় এন্ট্রি নেন অজয় দেবগন। আর তখনই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে সিনেমার সেই মূল কাঁপন ধরানো পাঞ্চলাইন— ‘পাঠানদের বলে দিও, চৌহান আসছে।’