বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় বাণিজ্য মেলা বন্ধের দাবি

গাইবান্ধায় বাণিজ্য মেলা বন্ধের দাবি

গাইবান্ধায় বাণিজ্য মেলা বন্ধের দাবি


গাইবান্ধা প্রতিনিধি 


গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে প্রস্তাবিত মাসব্যাপী বাণিজ্য মেলা বন্ধ, ক্ষুদ্র ব্যবসায়ীদের ক্ষতি রোধ এবং চরম বিদ্যুৎ সংকটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) জেলা শহরের ডিবি রোডস্থ নাট্য ও সাংস্কৃতিক সংস্থা (গানাসাস) মার্কেটের সামনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাইবান্ধা পৌর শাখার উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শহরের বিভিন্ন স্তরের দোকানপাট ও বিপণিবিতানের মালিকসহ সাধারণ ব্যবসায়ীরা অংশ নেন।

এনসিপি গাইবান্ধা পৌর শাখার আহ্বায়ক জাহাঙ্গীর কবীর তনুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফিহাদুর রহমান দিবস, জেলা আহ্বায়ক খাদেমুল ইসলাম খুদি, সদস্য সচিব রাহাদ ইবনে শহীদ, জেলা ছাত্রশক্তির মুখ্য সংগঠক আবু জর গিফারী রাফি এবং ব্যবসায়ী ইমরান হোসেন।

মানববন্ধনে সাধারণ ব্যবসায়ীরা জানান, আগামী ২৪ সেপ্টেম্বর সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজের পাশে পুরাতন অফিসার্স কোয়ার্টার এলাকায় মাসব্যাপী বাণিজ্য মেলার প্রস্তুতি নিয়েছে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ইতোমধ্যে মেলার যাবতীয় আয়োজন শেষ হয়েছে এবং স্টল বসানো হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিগত কয়েক মাসের রাজনৈতিক অস্থিরতা, সরকারি নির্দেশ মেনে রাত ৮টায় দোকানপাট বন্ধ রাখা এবং চলমান অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে স্থানীয় ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। এই পরিস্থিতিতে মেলা আয়োজন করা হলে ব্যবসায়ীরা আরও ক্ষতিগ্রস্ত হবেন এবং সাধারণ মানুষ বিদ্যুতের চরম ভোগান্তিতে পড়বে।

বক্তারা আরও উল্লেখ করেন, মেলা প্রাঙ্গণের পাশেই সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এমন ছোট একটি শহরে মেলার কারণে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হবে, চুরি-ছিনতাই বৃদ্ধি পাবে এবং জেলার মানুষ বহুমুখী সমস্যার সম্মুখীন হবে। তাই জনজীবন বিপর্যস্তকারী এই মেলা অবিলম্বে বন্ধের জোর দাবি জানান তারা।

অভিযোগের বিষয়ে গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছামিউল হুদা সুমেল জানান, স্থানীয় উদ্যোক্তাদের প্রমোট করতেই এই মেলার আয়োজন করা হচ্ছে। এতে স্থানীয় উদ্যোক্তাদের জন্য ১০টি ফ্রি স্টল থাকবে এবং সাধারণ ব্যবসায়ীদের কোনো ক্ষতি হবে না। শিক্ষার্থীদের যেন কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখা হবে। 

তিনি আরও জানান, মেলার অনুমতি প্রক্রিয়াধীন রয়েছে এবং ২৪ সেপ্টেম্বর সম্ভাব্য উদ্বোধনের সময় নাগাদ বিদ্যুৎ সংকটও দূর হবে।