মেরাজ বিন আশকর:
তাহিরপুর। সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা থেকে হালিমা সাদিয়া (রাঃ) মহিলা মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদকে অব্যাহতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে সচেতন জনগণ ও আলেম সমাজের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, আলেম সমাজ, মসজিদের দায়িত্বশীল ব্যক্তি ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় মাওলানা আব্দুস শহীদকে আসামি করা হলেও ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় তিনি ঘটনাস্থলে ছিলেন না; বরং নিজ মাদরাসায় শিক্ষার্থীদের পাঠদান ও দায়িত্ব পালনে ছিলেন।
মাদরাসার এক শিক্ষক বলেন, মাওলানা আব্দুস শহীদ দীর্ঘদিন ধরে মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছেন। ঘটনার সময় তিনি মাদরাসাতেই ছিলেন বলে দাবি করে তাকে দ্রুত মামলা থেকে অব্যাহতি দিয়ে মাদরাসায় ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
বক্তারা আরও বলেন, মাওলানা আব্দুস শহীদ দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। তাকে মামলায় আসামি করায় মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
মাওলানা সাবিদুর রহমান বলেন, মাওলানা আব্দুস শহীদ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত। ঘটনার সময়ও তিনি নিজ মাদরাসায় দায়িত্ব পালন করছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “প্রকৃত যারা দোষী, তাদের আইনের আওতায় আনা হোক। তবে নিরপরাধ কাউকে যেন হয়রানি করা না হয়। ঐআমরা প্রশাসনের কাছে মাওলানা আব্দুস শহীদকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানাচ্ছি।”
স্থানীয়রা বলেন, মাওলানা আব্দুস শহীদ মামলায় থাকলে মাদরাসার শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে লক্ষীপুর জামে মসজিদের ক্যাশিয়ার মো. চান মিয়া, মাদরাসার সদস্য মো. এরশাদ আলী, শিক্ষক সাইদুল, হুসাইন আহমদ, স্থানীয় মো. জহিরুল ইসলাম, গেদু মিয়া, আবদুল হেলিম ও মো. শুকুর আলীসহ মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা এবং মাওলানা আব্দুস শহীদ নির্দোষ হলে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার দাবি জানান।