পটুয়াখালীর বাউফল উপজেলায় আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে বিএনপির আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় যুবদল, ছাত্রদল ও শ্রমিকদলের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
শনিবার (২৭ জুন) রাত প্রায় ৮টার দিকে উপজেলার কালাইয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিএনপি নেতা হাজী পলাশের নেতৃত্বে প্রায় অর্ধশত মোটরসাইকেলের একটি বিক্ষোভ মিছিল কালাইয়া নাজিরপুর সংযোগ সেতু (ডালিমা ব্রিজ) থেকে শুরু হয়ে কালাইয়া বাজার প্রদক্ষিণ শেষে বাউফল উপজেলা সদরের উদ্দেশে রওনা হয়।
অভিযোগ অনুযায়ী, মিছিলটি কালাইয়া দাসপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে দাসপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বীর নেতৃত্বে ২০ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ দল হামলা চালায়।
হামলায় উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাওসার মাহমুদ, দাসপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন, দাসপাড়া ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক মো. মাকসুদুর রহমান মাসুদ, যুবদল নেতা মো. হোসাইন ইসলাম বাবু, মোটরসাইকেল চালক বায়জিদসহ অন্তত ১৫ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
দাসপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম ফিরোজ দাবি করেন, প্রথমে যুবলীগ নেতা হেলাল ও দুলাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর মৃধার ওপর হামলা চালান। পরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংঘবদ্ধভাবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলা চালায়।
তার দাবি, হামলাকারীদের মধ্যে দাসপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রাব্বী, রিফাত, রিপ্পী, কালাইয়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান, শাকিল, ইমতিয়াজ, সিজান ও উজ্জ্বলসহ আরও কয়েকজন ছিলেন। হামলার সময় প্রায় ২০টি মোটরসাইকেল ভাঙচুর করে রাস্তার পাশে ফেলে দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, "খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোঃ রুবেল হোসেন, বাউফল প্রতিনিধি:
-1782646079.jpg)