ভেনেজুয়েলার লা গুয়াইরা অঞ্চলের ধ্বংসস্তূপ থেকে আরও এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে দীর্ঘ উদ্ধার অভিযানের শেষ দিকে এই ঘটনাটি আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।
সামাজিক মাধ্যমে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, মাথায় হেলমেট ও উজ্জ্বল রঙের বিশেষ পোশাক পরা উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে একজনকে বাইরে নিয়ে আসছেন। অন্যরা স্ট্রেচার নিয়ে তাদের দিকে এগিয়ে যাচ্ছেন।
লা গুয়াইরা অঞ্চলটি রাজধানী কারাকাসের পাশে। এক্সে পোস্ট দিয়ে রদ্রিগেজ জানান, ‘কিছুক্ষণ আগে কারাবালেদা এলাকায় ১১ বছর বয়সী এক ছেলে শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। সংকটময় মুহূর্তে প্রতিটি জীবনই ভেনেজুয়েলার জন্য একেকটি নতুন আশা।
এর আগে শনিবার দিনের শুরুর দিকে লা গুয়াইরা অঞ্চল থেকেই ‘ময়সেস’ নামে ১১ বছর বয়সী আরেক শিশুকে উদ্ধার করা হয়। এই উদ্ধারকাজে সহায়তা করে কলম্বিয়ার জরুরি ব্যবস্থাপনা সংস্থা ‘ইউএনজিআরডি’।
সংস্থাটি জানায়, ময়সেসকে জীবিত ও নিরাপদে উদ্ধার করা হয়েছে। টানা ছয় ঘণ্টার অভিযানের পর উদ্ধারকর্মীরা মাটির ৩ মিটার গভীর থেকে ময়সেসকে বাইরে বের করে আনতে সক্ষম হন।
স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় এক মিনিটের মধ্যে দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। ধসে যায় বহু ভবন ও স্থাপনা। দেশটির কর্তৃপক্ষ অন্তত ১ হাজার ৪৩০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। নিখোঁজের সংখ্যা প্রায় ৫০ হাজার।
