সুইডিশ দূতাবাসের অর্থায়নে সিএনআরএস বাস্তবায়নাধীন বায়োডাইভার্সিটি ফর রেজিলিয়েন্ট লাইভলিহুডস (বিফরআরএল) প্রকল্পের সহযোগিতায় মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
সিএনআরএস, ধরা, অপরাজিতা বাংলাদেশ, পল্লী প্রকৃতি, সুর সপ্তকসহ মোট ছয়টি সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচির সূচনা হয় মাগুরা প্রেসক্লাব চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পরে একটি বর্ণাঢ্য র্যালি, মানববন্ধন, আলোচনা সভা এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এ আয়োজনের মধ্য দিয়েই "সবুজ মাগুরা আন্দোলন"-এর আনুষ্ঠানিক সূচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাগুরা শহরের পাশ দিয়ে প্রবাহিত নবগঙ্গা ও কুমার নদীতে বাজারের বর্জ্য ফেলার কারণে পানি মারাত্মকভাবে দূষিত হচ্ছে। এতে পরিবেশ, জনস্বাস্থ্য এবং নদীর জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবাষ চন্দ্র বিশ্বাস। উপস্থিত ছিলেন মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোল্যা আবু সাইদ, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সিএনআরএসের সাইট অফিসার মো. শহীদুল ইসলাম, অপরাজিতা বাংলাদেশের নির্বাহী পরিচালক কল্যাণী রানী বিশ্বাস, পল্লী প্রকৃতির মো. শফিকুর রহমানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা। স্বাগত বক্তব্য দেন মো. শহীদুল ইসলাম।
মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোল্যা আবু সাইদ বলেন, প্লাস্টিক দূষণ, জলাশয়ে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলা, বৃক্ষ নিধন, জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশ আজ হুমকির মুখে। তিনি জলাশয় সংরক্ষণ এবং "সবুজ মাগুরা আন্দোলন"-কে সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বলেন, পরিবেশ রক্ষার কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নদী, খাল ও জলাশয়কে দূষণমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানের শেষে নবগঙ্গা নদীর তীরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় এবং পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে জেলা প্রশাসক, মাগুরা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মো. সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা সংবাদদাতা
