পটুয়াখালীর বাউফলে ‘অপসাংবাদিকতা রোধে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বাউফল প্রেসক্লাব ও বাউফল রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাউফল প্রেসক্লাবের সভাপতি মো. জলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল রিপোর্টার্স ইউনিটির সভাপতি সিদ্দিকু রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক অতুল পাল, আল মামুন, বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জসীমউদ্দীন এবং বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জি এম মশিউর রহমান মিলন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন, এম এ বাসার, এবিএম মিজানুর রহমান, শিবলী সাদেক, রইসুল ইসলাম ইমনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
বক্তারা বলেন, অপসাংবাদিকতা পেশাদার সাংবাদিকতার ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তথ্য যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ, ব্যক্তিস্বার্থে সাংবাদিকতার অপব্যবহার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার প্রবণতা রোধে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে।
তারা সাংবাদিকদের নৈতিকতা, পেশাগত দায়িত্ববোধ, বস্তুনিষ্ঠতা এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে অপসাংবাদিকতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ সাংবাদিকতার মান উন্নয়ন ও জনআস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মোঃ রুবেল হোসেন, বাউফল প্রতিনিধি:
