ক্রাইস্টচার্চ টেস্টে জাস্টিন গ্রেভসের অনবদ্য ডাবল সেঞ্চুরি ও শাই হোপের সেঞ্চুরিতে ভর করে নিউজিল্যান্ডের নিশ্চিত জয় ঠেকিয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের বাকি দুই টেস্টের আগে এবার বড় ধাক্কা খেল কিউইরা। চোটের কারণে দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে সিরিজের বাকি অংশে পাচ্ছে না স্বাগতিকরা।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে আর খেলা হচ্ছে না ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার এবং নাথান স্মিথের। চোটের কারণে সিরিজের বাকিটা থেকে ছিটকে গেছেন।
ক্রাইস্টচার্চে প্রথম টেস্ট চলাকালীন হেনরি (কাফ টিয়ার) ও স্মিথ (সাইড স্ট্রেইন) চোট পান। আর স্যান্টনার ম্যাচ শুরু হওয়ার আগেই গ্রোয়েন ইনজুরির কারণে দল থেকে বাদ পড়ে যান।
হেনরি চতুর্থ দিনে এক স্পেলে বোলিংয়ের রানআপের সময় ডান পায়ের কাফে চোট পান। স্ক্যানে নিশ্চিত হয়েছে এটি ছিঁড়ে যাওয়ার মতো গুরুতর চোট। তিনি সিরিজের বাকি অংশে ফিরতে পারবেন না এবং জানুয়ারিতে প্রত্যাবর্তনের লক্ষ্যে কাজ শুরু করছেন। অন্যদিকে, স্মিথ দ্বিতীয় দিনে সাইড স্ট্রেইনে পড়েন এবং তাকে ৩–৪ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
