কাউবয় কার্টার’ অ্যালবাম দিয়ে ২০২৪ সালে বিশ্বব্যাপী ঝড় তোলার দুই বছর পর আবার নতুন গান নিয়ে এলেন পপ কুইন বিয়ন্সে। কোনো আগাম ঘোষণা ছাড়াই গতকাল মুক্তি দিলেন তাঁর নতুন সিঙ্গেল ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’। এই গান প্রকাশের মাধ্যমে শুরু হলো বিয়ন্সের ক্যারিয়ারের অন্যতম সফল অ্যালবাম ‘বি-ডে’র ২০ বছর পূর্তি উদ্যাপনের অফিশিয়াল কাউন্টডাউন।
২০০৬ সালের সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল বিয়ন্সের ‘বি-ডে’ অ্যালবাম। ক্যারিয়ারের এই দ্বিতীয় একক অ্যালবাম দিয়ে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। মুক্তির প্রথম সপ্তাহেই অ্যালবামটির প্রায় সাড়ে পাঁচ লাখ কপি বিক্রি হয়। এ বছরের সেপ্টেম্বরে অ্যালবামটির ২০ বছর পূর্ণ হবে। এই বিশেষ মাইলফলক উপলক্ষে আগামী ৪ সেপ্টেম্বর বিয়ন্সের ৪৫তম জন্মদিনে প্রকাশ পাবে ‘বি-ডে’র একটি বিশেষ সংস্করণ। সদ্য প্রকাশ পাওয়া গানটিও থাকবে তাতে।
এক দিন আগে মুক্তি পেলেও ‘মর্নিং ডিউ (ডঙ্ক)’ গানটি সৃষ্টি হয়েছিল বেশ আগে। ২০১৩ সালে ‘বিয়ন্সে’ অ্যালবামে রাখার জন্য গানটি প্রথম তৈরি করা হয়, কিন্তু তখন প্রকাশ পায়নি। পরবর্তী সময়ে ২০২৩ সালে এই গানের একটি ডেমো সংস্করণ অনলাইনে লিক হয়ে যাওয়ার পর টিকটকে তা নিয়ে তুমুল উন্মাদনা তৈরি হয়। অবশেষে ভক্তদের দীর্ঘদিনের প্রতীক্ষা ও আগ্রহের প্রতি সম্মান জানিয়ে বিয়ন্সের প্রযোজনা প্রতিষ্ঠান পার্কউড এন্টারটেইনমেন্ট গানটি অফিশিয়ালি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।