ভোলার বোরহানউদ্দিনে সিএনজি মালিক সমিতি ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার প্রধান সড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নেওয়া সিএনজি চালক ও শ্রমিকরা অভিযোগ করেন, বোরহানউদ্দিন থেকে যাত্রী নিয়ে ভোলায় গেলে বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে বাস মালিক সমিতির লোকজন তাদের গাড়ি থেকে যাত্রী নামিয়ে দেন। এছাড়া চালকদের বিভিন্নভাবে হয়রানি, মারধর ও ভয়ভীতি প্রদর্শন করা হয় বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা বলেন, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা প্রতিনিয়ত অযথা হয়রানির শিকার হচ্ছেন। তাদের প্রশ্ন, দেশের বিভিন্ন এলাকায় সিএনজিতে পাঁচজন যাত্রী বহনের অনুমতি থাকলেও ভোলায় কেন তিনজন যাত্রী বহনের বাধ্যবাধকতা রয়েছে। একই সঙ্গে তারা অভিযোগ করেন, বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন করা হলেও সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না।
মানববন্ধনে বক্তারা সিএনজি চালকদের ওপর হয়রানি, মারধর ও বৈষম্যমূলক আচরণ বন্ধে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ও স্বাভাবিকভাবে যাত্রী পরিবহনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ দাবি জানান।
মোঃ জেনিদ, ভোলা জেলা প্রতিনিধি
