বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স আর আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছে ফুটবলপ্রেমীরা। সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক জয়ে উল্লাসে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী, পূর্ণিমা, মিলা, তৌসিফ, কেয়া পায়েলের মতো জনপ্রিয় তারকারা।
এদিকে টানটান উত্তেজনার এই ম্যাচ দেখে বেশ রোমাঞ্চিত গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে প্রতিপক্ষকে সমীহ করতে ভোলেননি তিনি। চঞ্চল চৌধুরীর ভাষ্যে, ‘খুব ভয় পাইছিরে, তবে মিশর দূর্দান্ত খেলেছে।’
চিত্রনায়িকা পূর্ণিমা লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’